ইজিবাইকের ধাক্কায় শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় এক কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে ফতুল্লা বাজার এলাকায়। চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করেছে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, মই নিয়ে সড়ক পারাপারের সময় একটি ইজিবাইক সুমনকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং কাঁধে থাকা কাঠের মইটি তার শরীরে পড়ে। ফলে গুরুতর আহত হন স্থানীয় একটি চিড়ার মিলের শ্রমিক সুমন। স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে সেখান থেকে নারায়ণগঞ্জ ইসলামিক হার্ট সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজখবর নিচ্ছেন। সুমনের বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জের চর গোপালপুর গ্রামে।