২০ বছর মন্ত্রী হতে চান না অভিষেক

পশ্চিমবঙ্গের বাইরে সংগঠন বাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় দল করে তোলা লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে আগামী ২০ বছর মন্ত্রী হতে চাইছেন না মমতা ব্যানার্জির ভাতিজা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

গত সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের অন্য অঙ্গরাজ্যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। ২৪ জন এমপি বা এমএলএ পেলে লাভ হবে না। ভোট শেয়ারিং বাড়িয়েও কোনো লাভ নেই। লক্ষ্য হবে ঐ সব রাজ্যে ক্ষমতায় আসা। ভবিষ্যতে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে মনোনিবেশ করতে চাই। তাই আগামী ২০ বছর কোনও সরকারি পদে বা মন্ত্রী পদে থাকতে চাই না। অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেসে সেকেন্ড কিংবা থার্ড ম্যান কেউ নেই। ফার্স্ট ম্যান মমতা ব্যানার্জি। বাকি সবাই দলের কর্মী। আমিও দলের একজন কর্মী।