ফ্রান্সের প্রেসিডেন্টকে চড়, দুই জন গ্রেফতার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রকে চড় মারার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ফ্রান্সে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এ খবর দিয়েছে। খবর ডয়চেভেলের

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের সঙ্গে করমর্দন করতে ম্যাঁক্র তার দিকে হাত বাড়িয়ে দিলে ঐ ব্যক্তি তার মুখে চড় মারেন। এর আগে ঐ ব্যক্তিকে ‘ডাউন উইথ ম্যাঁক্রনিয়া’ বলে চিত্কার করতে শোনা গেছে। ঐ ঘটনার পর ম্যাঁক্রর সঙ্গে থাকা দুই নিরাপত্তাকর্মী ঐ ব্যক্তিকে ধরে ফেলেন। অন্যজন ম্যাঁক্রকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তার পরও ম্যাঁক্র সেখানে কয়েক সেকেন্ড ছিলেন। ঐ ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে, তা জানতে রেস্টুরেন্টের কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ম্যাঁক্র।