খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের বারান্দার চাল বাতাসে উড়ে গেছে। ভেঙে পড়েছে পিলার। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের আলোকদিয়া এলাকায় চারটি ঘরের বারান্দার চাল উড়ে যায়। এ সময় ভেঙে পড়ে বারান্দার দুইটি পিলার। এখানে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১৬টি ঘর নির্মাণ করা হয়েছে।
সুফলভোগী ও স্থানীয়রা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরগুলো হস্তান্তর করা হয়। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে দায়সারাভাবে উপহারের ঘরের কাজ শেষ করা হয়েছে। ঘরগুলোর পিলারে কোনো রড না থাকায় একটু বাতাসেই ঘরগুলো দুলে ওঠে। ঘরের পিলারের মধ্যে জিআইয়ের চিকন তার ব্যবহার করা হয়েছে। সরজমিনে গত সোমবার বিকালে দেখা গেছে, চালগুলোর মধ্যে একটি চাল উড়ে পাশের ডোবায় পড়ে আছে। আর একটি চাল ঘরের বারান্দার সঙ্গে হেলান দিয়ে রাখা আছে। দুটি পিলার পড়ে আছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করছেন। এভাবে দমকা হাওয়ায় উড়ে গেলে তো বিপদ। যেনতেনভাবে বানানো এই ঘর সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।
তবে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, ঐ ঘরগুলো নির্মাণকাজে তেমন কোনো ত্রুটি ছিল না। তবে ঘর নির্মাণকাজের সময় পানির খুব অভাব হয়েছিল। আমি ও ইউএনও স্যারসহ সবাই খুব চেষ্টা করেছিলাম কিন্তু পর্যাপ্ত পানি পাইনি। সেকারণে গাঁথুনি একটু কম মজবুত হয়েছে। সেকারণে দমকা হাওয়ায় পিলার ভেঙে পড়েছে।