বরখাস্তকৃত ডিআইজি মিজানের জামিন প্রশ্নে রুল

দুর্নীতির দুই মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী শফিক আহমেদ ও মাহবুব শফিক এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

২০১৯ সালে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার দায় থেকে মুক্ত হতে লেনদেন করেন ৪০ লাখ টাকা। সেই ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও দুদকের পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। এই দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মিজান। দুটি মামলা-ই নিম্ন আদালতে বিচারাধীন।