অর্থ পাচারের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ তিন জনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
গোল্ডেন মনির ছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিকের হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে।
মামলার অনুসন্ধান চলাকালে তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী গোল্ডেন মনিরসহ তিন জনের হিসাব জব্দের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সে আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান। গত ১১ মে গোল্ডেন মনিরের স্ত্রী রওশন আক্তার ও ছেলে রাফি হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে সিআইডি।