কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উপস্থিতিতে বৈঠকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও তার অধীন পাঁচটি উপজেলা (সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলী রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেক এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী অক্টোবরের মধ্যে পাঁচটি উপজেলাধীন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঐ পাঁচটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।