‘সুন্দরী’ ও ‘রিয়া’ চরিত্রে

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

করোনার কারণে চলচ্চিত্র নির্মাণে অনেকটাই অনাগ্রহী প্রযোজকেরা। কারণ করোনার কারণে সিনেমা হল বন্ধ রয়েছে। এমনিতেই সিনেমা হলের সংখ্যা অনেক কম, তারমধ্যে সিনেমা নির্মাণের সংখ্যাও অনেক কমে যাওয়ায় চলচ্চিত্র ব্যবসায় ভীষণ মন্দাবস্থা বিরাজ করছে। তারপরও কেউ কেউ চলচ্চিত্র প্রযোজনা করার চেষ্টা করছেন। করছেন সময়োপযোগী ভিন্ন ধরনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ। ঠিক তেমনি দুটি চলচ্চিত্র মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হূদ মাঝারে তুমি’ এবং অন্যটি জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি সিনেমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা আইরিন। যার সিনেমায় যাত্রা শুরু হয়েছিল দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মধ্যদিয়ে। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মধ্যদিয়ে নায়িকা হিসেবে অভিষেকের মধ্যদিয়েই আলোচনায় চলে আসেন আইরিন। সেই আলোচনার ধারাবাহিকতায় আইরিন এরইমধ্যে নতুন দুটি সিনেমায় কাজ করছেন। ‘হূদ মাঝারে তুমি’ সিনেমায় আইরিন অভিনয় করছেন সুন্দরী চরিত্রে এবং ‘চৈত্র দুপুর’ সিনেমায় তিনি অভিনয় করছেন রিয়া চরিত্রে। আইরিন বলেন, ‘এরইমধ্যে আমি হূদ মাঝারে তুমি সিনেমার কাজ শেষ করেছি। যদিও এই সিনেমার শুটিংয়ে ঈদের পর অংশ নিতে গিয়ে আমি অকেটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। পরবর্তীকালে বেশ ভালোভাবে কাজ শেষ করেছি। আবার চৈত্র দুপুর’র সিনেমার কাজ শুরু করেছি। বেশ কিছু অংশের কাজ আমি করেছি। শিগগিরই আবারো শুটিং শুরু হবে। দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী।’ এদিকে এনটিভিতে প্রচার শুরু হওয়া রিয়েলিট শে দঅনন্য প্রতিভা’র বিচারক হিসেবে দেখা যাচ্ছে আইরিনকে। এবাাই প্রথম তিনি বিগ বাজেটের রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছেন। আইরিনকে দর্শক প্রথম দেখেন আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকে। পরবর্তীকালে তাকে আশুতোষ সুজনের ‘ম্যান পাওয়ার’ ও তানভীর হোসেন প্রবালের ‘তবুও সংশয়’ নাটকে অভিনয় করেন। এখন যদি নাটকে অভিনয়ের প্রস্তাব আসে করবেন কি না? জবাবে আইরিন বলেন, ‘অবশ্যই করব, কেন নয়। কারণ নাটকে অভিনয়ের মধ্যদিয়েই আমার অভিনয় জীবন শুরু। তাই এই মাধ্যমের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, মায়া ও মমতা আছে। তবে অবশ্যই ভালো গল্প এবং চমত্কার চরিত্র হতে হবে।’ আইরিন জানান, চলচ্চিত্রে তিনি খুব চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে কাজ করতে বেশি আগ্রহী। অনেক শ্রম ও মনোযোগ দিয়ে সেসব চরিত্রের মধ্যদিয়ে নিজেকে দর্শকের সামনে আরো ভিন্নভাবে তুলে ধরতে চান।