অভিনয়ে ব্যস্ততা

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

গুণী চলচ্চিত্র পরিচালক, নাট্যনির্মাতা ও নাট্যরচয়িতা অনিমেষ আইচ’র রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকে না’। বেশ কিছুদিন বিরতির পর এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেন দর্শকপ্রিয় অভিনেত্রী জেনি। নির্মাতা জানান, শিগগিরই ধারাবাহিকটির প্রচার শুরু হবে বাংলাদেশ টেলিভিশনে। প্রশ্ন রাখি— ‘এখানে কেউ থাকে না’ নাটকের মূল বিষয়বস্তু কী? জবাবে অনিমেষ আইচ জানান, ‘এখানে কেউ থাকে না’ মূলত অতি লৌকিক গল্পের নাটক। এককথায়, বিশ্বাস অবিশ্বাসের গল্প। ভূত বিষয়টাই তো এমন। যে বিশ্বাস করে তার কাছে ভূত আছে, আর যে বিশ্বাস করে না তার কাছে ভূত নেই। এই নিয়েই মূলত ‘এখানে কেউ থাকে না’ নাটকের গল্প এগিয়ে যাবে।’ ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিকে জেনি ছাড়া আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অরুনা বিশ্বাস, ফারুক আহমেদ, রোজী সেলিম,  বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিতু আহসান, শাহেদ আলী, রওনক হাসান, ভাবনা, নীলাঞ্জনা নীলাসহ আরো অনেকে। শুটিংয়ের একেবারে শেষ পর্যায়ে এসে কাজ করে নিজেদের চরিত্র নিয়ে ভীষণ তৃপ্ত ছিলেন শহীদুজ্জামান সেলিম, বিজরী, দিনার, জেনি, ভাবনা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘সত্যি বলতে কি গতানুগতিক গল্পে কাজ করার অনেক প্রস্তাব আসছিল। যে কারণে আমি সেসব গল্পে কাজ করতে আগ্রহী ছিলাম না। কাজ না করতে করতে দু’বছর চলে গেলো। গল্প এবং চরিত্র ভালোলাগায় আমি এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছি। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ জেনি অভিনীত দর্শকের কাছে ভালোলাগার নাটকের মধ্যে রয়েছে— ‘রমিজের আয়না’, ‘একটা ফোন করা যাবে প্লিজ’, ‘চিনগুিড়া প্রেম’, ‘উড়োজাহাজ’, ‘গল্পটা চাইলেই বদলে দেয়া যেতো’ ও ‘জোকার’সহ বেশকিছু নাটক।