বিনোদন রিপোর্ট
বড়পর্দায় জুটি বাঁধছেন মিশা সওদাগর ও দীপা খন্দকার। খানিকটা চমক লাগানোর জন্যই দর্শকদের কাছে ভিন্ন গল্পে তারা ফিরছেন। ব্যবসায়ী মিশা সওদাগরকে বিয়ে করতে চায় দীপা। এদিকে দীপা খন্দকারের আগের সংসারে এক সন্তানও রয়েছে। ঘটনাক্রমে সম্পত্তির লোভে মিশাকে খুন করতে চায় দীপা খন্দকার।—এমনই গল্পে বড়পর্দায় জুটি গড়ছেন তারা দু’জন।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘দীপা খন্দকার ভীষণ গুণী একজন অভিনেত্রী। আর আমার চরিত্রটিও এখানে একেবারেই ভিন্ন ডাইমেনশনের। সেক্ষেত্রে দুজনের বড়পর্দার রসায়ন ভালো কিছুই হবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন দুই দশক। টিভি নাটকে অভিনয় করে দর্শকের হূদয়ে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েও আলোচিত হয়েছেন দীপা খন্দকার। কিছুদিন আগেই ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে চমক দেখান এই শিল্পী।
দর্শকদের কাছ থেকেও পেয়েছেন অনেক প্রশংসা। এরপর তিনি কিছুদিন আগে শেষ করেছেন দ্বিতীয় ছবি ‘পায়ের ছাপ’-এর কাজ। যেটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করছেন। এবার দীপা তার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘রিভেঞ্জ’। এটি পরিচালনা করবেন প্রযোজক মো. ইকবাল। এখানে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। দীপা বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হয়েছে। ১২ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।’