বিনোদন ডেস্ক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন ও অভিনয় দিয়ে তুমুল আলোচনায় রয়েছেন দক্ষিণী তারকা সামান্তা আক্কেনিনি। সিরিজটিতে নেতিবাচক ‘রাজি’ চরিত্র অভিনয় করেছেন তিনি। প্রাইম অ্যামাজনে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি শুধু ভারতে নয়, বাংলাদেশেও ভিউয়ের দৌড়ে শীর্ষে রয়েছে। তবে নেটদুনিয়ায় প্রশংসার পাশাপাশি সামান্তার শরীরের রঙ নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে। শুরুতে বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও এবার মুখ খুললেন সিরিজটির নির্মাতা রাজ নিধিমরু ও কৃষ্ণা ডিকে। এক সাক্ষাত্কারে তারা জানান, সিরিজটি নির্মাণের সময় গল্পের প্রয়োজনে সকল সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষায় সামান্তাকে ব্রাউন রঙে উপস্থাপন করা হয়েছে। নির্মাতা বলেন, ‘রাজি চরিত্রটির জন্য উপযুক্ত অভিনেত্রী পেতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সামান্তাকে নিজের চেহারার বাইরে উপস্থাপন করাও বেশ চ্যালেঞ্জর ছিল। শুরুতে অনেক ভয়ে ছিলাম। কিন্তু সামান্তা এত সাবলীলভাবে নিজেকে মেলে ধরবে তা ভাবতেই পারিনি। দর্শকরাও দারুণ সাড়া দিয়েছেন। কৃতজ্ঞ সবার প্রতি।’ এ প্রসঙ্গে সামান্তা বলেন, ‘আমরা অনেকেই সাদাকে সৌন্দর্য মনে করি। কিন্তু এর বাইরেও যে মানুষের সৌন্দর্য রয়েছে, সেটা ভাবার অবকাশ থাকে না। আমরা সবাই ব্রাউনের প্রতিচ্ছবি। সেই কারণে আমার মনে হয়, এই চরিত্রটিতে আমার শরীরের রঙ নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। আমি অন্য জাতির কেউ নই। গল্পের প্রয়োজনে নিজেকে ভিন্নরূপে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা সব শিল্পীই করে থাকেন। তবে এতটা সফল হবো এবং দর্শকরা এত সাড়া দেবে ভাবতে পারিনি।’