পীরগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ডাটা এন্ট্রি চলছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধসংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসন ভূমিমালিকদের প্রয়োজনীয় তথ্য ইউনিয়ন ভূমি অফিসে ৩০ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে উপজেলাব্যাপী মাইকিং ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে।

ভূমিমালিকদের তাদের নিজ নিজ মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, নাম জারি খতিয়ানের ফটোকপি অথবা সর্বশেষ খতিয়ানের কপি এবং সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে ৩০ জুনের মধ্যে দাখিল করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও এলাকার বাইরে অবস্থানকারী ভূমিমালিকরা অনলাইন পোর্টাল www.land.gov.bd তে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান।