যমুনায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু

 চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চৌহালীতে যমুনা নদীতে মঙ্গলবার বিকালে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মৃত্যু ও অন্য একজন নিখোঁজ রয়েছে। নিহতরা হলো শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪) ও তাসলিমা (চার মাস)। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে জেলার চৌহালী উপজেলা সদরের জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশুসহ ১৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জকতলা স্কুল ঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে নদীর প্রচণ্ড স্রোতে ডুবে যায়। এ সময় নৌকার চালক ও যাত্রীদের সহায়তায় নারীসহ ১২ জন তীরে উঠে আসে। তবে এক নারীর সঙ্গে থাকা তার দুই মেয়ে তানিয়া ও তাসলিমা নিখোঁজ হয়। সন্ধ্যায় নৌকায় থাকা যাত্রীরা ঐ দুই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।