গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় টাইম বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামারদহ ইউনিয়নের ভাটগোপাল শেরপুর গ্রামের মেহেদি মিয়ার বাড়িসংলগ্ন নির্মাণাধীন দোকানঘর থেকে এটি উদ্ধার করা হয়। মেহেদি মিয়া জানান, তার নির্মাণাধীন আধাপাকা দোকানঘরে এখনো টিনের চালা দেওয়া হয়নি। শুধুমাত্র চারপাশের ইটের দেওয়াল নির্মাণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই ওমর মিয়া ঐ ঘরের দেওয়াল পরিষ্কার করছিলেন। ওমর মিয়া এক পর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে আয়নার মতো চকচকে একটি বস্তু দেখে তাকে জানায়। মেহেদি বোমাজাতীয় কিছু মনে করে বিষয়টি পুলিশকে জানান।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা টাইম বোমাসদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান জানান, এটি টাইম বোমা নাকি অন্য কিছু; বোমা বিশেষজ্ঞ টিম না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।