সুজানগর (পাবনা) সংবাদদাতা
ঢাকা-পাবনা মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাসস্ট্যান্ডে গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী যাত্রীদের বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে।
উপজেলার দুলাই সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান জানান, এই বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন উপজেলার শতশত মানুষ শ্যামলী, সিলাইন, সরকার ট্রাভেলস এবং পাবনা এক্সপ্রেসসহ বিভিন্ন দূরপাল্লার বাসযোগে ঢাকা, সিলেট এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অথচ জনগুরুত্বপূর্ণ এ বাসস্ট্যান্ডে দীর্ঘদিন কোনো গণশৌচাগার নেই। উপজেলার মানিকহাট গ্রামের শামছুর রহমান বলেন, গণশৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তাদের যেতে হয় আশপাশের বাসাবাড়ি এবং ঝোপঝাড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলী বলেন, শিগিগরই চিনাখড়া বাসস্ট্যান্ডে একটি গণশৌচাগার নির্মাণ করা হবে।