সাইফুল বারী টিটু
স্পোর্টস ডেস্ক
বর্তমানে যারা ফুটবল খেলছেন তাদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২ নম্বরে ছিলেন ভারতের সুনীল ছেত্রি, যিনি বাংলাদেশের সঙ্গে দুই গোল করে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে।-বিবিসি
ছত্রিশ বছর বয়সি এই ফুটবলার ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের এক জন। তিনি সোমবার রাতে ভারতকে এনে দিয়েছেন গত ছয় বছরে প্রথম বিশ্বকাপ বাছাইয়ের জয়। এই মুহূর্তে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির চেয়ে দুটি গোল বেশি আছে সুনীল ছেত্রির। মেসির গোল ৭২টি, ছেত্রির ৭৪টি। এই পরিসংখ্যান দেখে অনেকে লিখছেন, লিওনেল মেসির চেয়ে এগিয়ে সুনীল ছেত্রি। কিন্তু বাংলাদেশের নামকরা কোচ সাইফুল বারী টিটু তার বিশ্লেষণে বলেছেন, এই তুলনাটাই আসলে দেওয়া উচিত হবে না।
লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলেন, যেখানে চিলি, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এমন সব দলের সঙ্গে খেলেছেন তিনি।
ব্রাজিলের মতো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে মেসির হ্যাটট্টিক। এছাড়া সুইজারল্যান্ডের সঙ্গেও হ্যাটট্রিক আছে লিওনেল মেসির।
২০১৭ সালে যেবার আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে উঠতে ঘাম ঝরে তখন ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকই আর্জেন্টিনা পেয়েছিল রাশিয়া বিশ্বকাপের টিকিট।
মেসি বিশ্বের অন্যতম সম্মানজনক ফুটবল অ্যাওয়ার্ড ব্যালন ডি’অর পেয়েছেন সবচেয়ে বেশি, ছয় বার। সাইফুল বারী টিটু বিবিসি বাংলাকে বলেন, তিনি কোনো তুলনাতেই যেতেই চান না, ‘আপনি যদি ম্যারাডোনা-পেলের তুলনাও করেন তাতেও আমি বিশ্বাস করি না। আলাদা প্রজন্ম, খেলার ধরন আলাদা।’তবে ভারতের মতো দেশের একটা খেলোয়াড় যখন মেসির চেয়ে বেশি গোল করেন, সেটা তার একটা অর্জন, এমন মত টিটুর।
‘এটা মানতে হবে। এটা সোজা কথা না।
যখন কেউ নিজ দেশের হয়ে একটা রেকর্ড গড়ে তাদের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসাই করব। কিন্তু এই তুলনাটা না দেওয়াই উচিত হবে।’
সুনীল ছেত্রি দক্ষিণ এশিয়ান ফুটবলের আইকন। এই অঞ্চলের ফুটবলের প্রতিযোগিতাটা আসলে নিজেদের মধ্যেই হয়। সেখানে ভারত অন্যতম সেরা দল এই জোনের।
সাইফুল বারী টিটু বাংলাদেশের অনেক ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করেন। আবাহনীর দায়িত্বে থাকাকালীন এশিয়ান পর্যায়ের একটি প্রতিযোগিতায় আবাহনী ও ব্যাঙ্গালুরু যখন মুখোমুখি হয় তখন সুনীল ছেত্রিকে পর্যবেক্ষণ করেন টিটু। তিনি বলেন, ‘খেলার পরে ড্রেসিংরুম থেকে কিটম্যানের সঙ্গে আইসবক্স টানছিলেন সুনীল ছেত্রি। শুধু খেলোয়াড়ি ব্যাপার না, ওর প্রচণ্ড বিনয়ও আছে। এটাই ওকে বড় মাপের ফুটবলার বানিয়েছে আজ।’
সাইফুল বারি টিটুু বলেন, প্রত্যেক খেলোয়াড়কে নিজ নিজ পর্যায়ের অর্জনের জন্য সাধুবাদ জানানো প্রয়োজন।