মোহামেডানের ঘুরে দাঁড়ানোর মিশন

ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

একদিন বিরতির পর আজ মাঠে গড়াবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি, বিকেএসপির দুই মাঠে চারটিসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। টানা দুই ম্যাচ হেরে বসা মোহামেডানের জন্য আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট পাওয়া মোহামেডানের জন্য ম্যাচটি কার্যত ঘুরে দাঁড়ানোর মিশন। অবশ্য প্রতিপক্ষ বিবেচনায় সাদা-কালো শিবির বেশ শক্তিশালী। নাঈম ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ এখন পর্যন্ত জয় পেয়েছে একটি। সাকিবরা নিজেদের সহজাত ক্রিকেট খেললেই জয় ধরা দিতে পারে। সপ্তম রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিরুদ্ধে খেলবে মোহামেডান। ঐ ম্যাচের আগে নিশ্চিতভাবেই জয়ের রথে ফিরতে চাইবে সাকিব বাহিনী।

আজ সকালে মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং আবাহনী-শাইনপুকুর ক্রিকেট ক্লাব পরস্পরের বিরুদ্ধে লড়বে।