আগামী ১৪ জুলাইয়ের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক এবং কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির মনোনয়ন বোর্ডের সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শেষে মনোনয়ন চূড়ান্তের পর ঘোষণা করা হয়।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাত্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও অ্যাডভোকেট সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এ টি ইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন খোকা।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়।