সৌদি বাদশাহ্ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত করোনা মহামারির কারণে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ২০ দেশের প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে। দেশটির সঙ্গে গত ২ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। সউদি প্রেস এজেন্সি জানায়, করোনা মহামারির সংকটকালে আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে। যাতে করে প্রবাসীদের ওপর আর্থিক প্রভাব না পড়ে। দেশটির জেনারেল পাসপোর্ট অধিদপ্তর (জওয়াজাত) জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই মেয়াদ বাড়াবে বলে নিশ্চিত করেছে।