রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় দেওয়াল ধসে নাজমা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আহত হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
শিশুটির চাচা মোবারক হোসেন জানান, পশ্চিম কাজীপাড়া এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকত নাজমা। তার বাবা জিন্নাত আলী পেশায় রিকশাচালক। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি তার বাসার অদূরে একটি পুরোনো ভবনের পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাত্ ভবনটির দেওয়ালের একাংশ ধসে পড়ে। ইটের স্তূপ মাথায় পড়ায় শিশুটি মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে চিকিত্সকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। এক ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।