বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদ। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর স্থলাভিষিক্ত হবেন।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক হাসিবুরকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে ১৪ জুন থেকে নতুন উপাচার্য হিসেবে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’ হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্তের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ আগামী ১৩ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ২০১৭ সালের ১ জুন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন—ইউজিসি। চলিত বছরের প্রথম দিকে রংপুরে অবস্থিত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি ১০ তলা ভবন ও একটি স্মৃতিসৌধ নির্মাণে অধ্যাপক কলিমউল্লাহের অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় ইউজিসি। পরে উপাচার্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিশনের তদন্ত দল।