রাজশাহীতে আসামির চাকুর আঘাতে দুই এএসআই আহত

রাজশাহীর চারঘাটে আসামিকে ধরতে গিয়ে মডেল থানার দুই জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আসামিরা মডেল থানার দুই এএসআইকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গতকাল বুধবার উপজেলার থানাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই এএসআই আশরাফুল ইসলাম এবং ফরোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায়, আসামি আলমগীর হোসেন ওরফে ভুচ্চুক এর ছেলে ফারুককে (৩০) গ্রেফতার করতে যান মডেল থানার দুই এএসআই। আসামির বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করার সময় আসামি ফারুক চাকু দিয়ে দুই এএসআইকে আঘাত করে পালিয়ে যায়। মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে থানায় একটি মামলা হবে।