দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন। তার দাবি সত্যি হলে এটি হবে একটি বিশ্ব রেকর্ড। গত মাসে মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেন। এটি এখন পর্যন্ত একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক সন্তান জন্ম দেওয়ার আনুষ্ঠানিক রেকর্ড। একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন যে নারী, তার নাম গোসিয়ামি থামারা সিথোল। তার বয়স ৩৭ বছর। সোমবার রাতে তিনি এই ১০ সন্তান জন্ম দেন। এ ঘটনায় গোসিয়ামি ও তার পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন। ১০ সন্তানের মধ্যে ছেলে ৭টি ও মেয়ে ৩টি।
গোসিয়ামি জানান, তার গর্ভধারণের বিষয়টি স্বাভাবিক ছিল। সন্তানধারণের জন্য তিনি কোনো চিকিত্সাও নেননি। এই নারী এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন । তাদের বয়স এখন ছয় বছর।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তারা খবরটি সম্পর্কে অবগত আছেন। তারা বিষয়টির সত্যতা খতিয়ে দেখছেন।
গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির ২৫ বছর বয়সী হালিমা চিসে মরক্কোয় হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসেন। এদের মধ্যে পাঁচটি মেয়ে। আর চারটি ছেলে।