জনতা ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারিকৃত রুল শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। আগামী ৭ জুলাই এ রুলের ওপর শুনানি হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করে দেন। আদালতে জেসমিনের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জেসমিন ইসলামের জামিন প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। জেসমিন বর্তমানে বেশ কয়েকটি দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন বলে জানান দুদক কৌঁসুলি।