সৌদিতে যৌন নির্যাতনের শিকার নারী শ্রমিকদের ফেরার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন

সৌদি আরব থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে একের পর এক নারী শ্রমিক দেশে ফিরে আসার ঘটনায় গভীর, উত্কণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা নারী অভিবাসী শ্রমিকদের মানবাধিকারের চরম লঙ্ঘন। গতকাল একটি লিখিত বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সরকারের উচিত দেশের অর্থনীতিতে নারী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের কথা চিন্তা করে তাদের জীবন, জীবিকা, সম্মান আর নিরাপত্তার দিকটিকে অগ্রাধিকার দেওয়া। সেই সঙ্গে এসব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিদের কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া।

এমজেএফ আরো মনে করে, বাংলাদেশ দূতাবাসের উচিত ছিল নারী অভিবাসী শ্রমিকদের নিয়োগকর্তার নাম-পরিচয় খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নির্যাতিত নারীদের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা। কিন্তু দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে লেবার এটাচি মামলা করার উদ্যোগ নেয় না, মামলা হলেও অভিবাসী নারী কর্মী দেশে চলে আসায় মামলাটি চলমান থাকে না। এসব ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের উচিত বিষয়টি কঠোরভাবে মনিটর করা।