সম্প্রতি অনেক প্রকাশনা সংস্থা অনেক গ্রন্থ প্রকাশ করে চলেছে, অনেক বইয়ের রচককে কুম্ভীলক বা সাহিত্যিক চৌর্যাপরাধের দায়ে অভিযুক্ত করা যায়। ভালো-মন্দ সেসব গ্রন্থ থেকে আলোচ্য গ্রন্থ একেবারে ভিন্ন—‘সময় রেখায় বঙ্গবন্ধু : সে আগুন ছড়িয়ে গেল সবখানে’! এই গ্রন্থে শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের ক্রমানুযায়ী মূল ঘটনা বা উক্তি বা কর্মকে সাজানো হয়েছে। এই কাজ কষ্টকর, আর প্রশংসার; আর তা যে পাঠকের জন্য খুবই উপকারী তা বলাই বাহুল্য। একে বলতে পারি শেখ মুজিবুর রহমানের জীবন এবং কর্মের সংক্ষিপ্ত বিদ্যাকল্পদ্রুম।
শেখ মুজিবুর রহমান সকল অর্থেই তাঁর জীবনকে প্রকৃতপক্ষে বাঙালির দেশ এবং বাঙালি জাতির জন্য উত্সর্গ করেছেন—তা যেমন ছিল মূল্যবান-দামি, তেমন ছিল কষ্টকর; মানুষের জন্য তিনি হয়েছিলেন শূন্য। তাঁর জীবনী, তাঁর আদর্শ, তাঁর লক্ষ্য এবং তাঁর কৌশল সম্পর্কে এখনো পুরোপুরি অনুধাবন করা কঠিন। তাঁর যেসব দুর্বলতা, সেসব তাঁর মানুষের জন্য তাঁর অধিক ভালোবাসার জন্যে। শেখ মুজিব নিজে বলেন : মানুষের ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। তিনি ১৯৭৩ সালের ৩ মে তারিখে বলেন, বাঙালির জন্য তাঁর চিন্তা-কর্মের কারণ : ‘এই নিরন্তর সম্পৃক্তির উত্স ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, সে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।’ [‘সময় রেখায় বঙ্গবন্ধু’, পৃ. ২৬৭]
মানুষের জীবনী রচনায় পুরোপুরি ব্যক্ত হয় না, শেখ মুজিবও পুরোপুরি ব্যক্ত হন না। তাঁর মস্তিষ্কের মধ্যে তাঁর জীবনী, আবার অনেকটাই ঘটনাপূর্ব রচনা। জীবনের কম অংশই শব্দে এবং কর্মে প্রকাশিত হয়। তাঁর প্রতিভাপূর্ণ এবং প্রখর স্মরণশক্তিওয়ালা মস্তিষ্ক তাঁর জীবনকে পরিচালিত করেছে, তাঁর সেই জীবন পরিচালিত করেছে বাংলার মানুষকে। পশ্চাতে পড়ে থাকা জাতিকে উজ্জীবিত করে তিনি তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন—তাদের ভাগ্যোন্নয়ন হবে। শেখ মুজিব নিজে নিজের সম্পর্কে জানতেন, মানুষ তাঁর অনেক কিছুই জানে না। তাঁর প্রতিদিনকার চিন্তা ও কর্ম এক-একটি গ্রন্থ হবে। অনেক কারণেই রাজনীতিবিদ তাঁর আত্মজীবনী রচনা করতে পারেন না। তাঁর মানুষেরা রচনা করে; ইতিহাসকারেরা রচনা করে।
শেখ মুজিবুর রহমান বিষয়ে অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু সময়ক্রম অনুযায়ী তাঁর জীবন এবং ঘটনাকে সাজিয়ে যে গ্রন্থ, তা হচ্ছে ‘সময় রেখায় বঙ্গবন্ধু’—একেবারে ব্যতিক্রম। অল্প সময়ে অল্প আয়াসে যেকোনো সময়ের কথা জানা যাবে। এই কারণে এই গ্রন্থের উপযোগিতা অনেক অধিক।
এ গ্রন্থে আরো রয়েছে বহু দুষ্প্রাপ্য ছবির সুন্দর-উজ্জ্বল রূপ, বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমদের অঙ্কনের পরিষ্কার ছবি, বহু হারানো বা প্রকাশিত গোপন তথ্যের ছবি, বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা চিঠির প্রতিচ্ছবি। তাতে আছে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক, সাহসে মহান কবি নির্মলেন্দু গুণ, কবি রফিক আজাদ এবং অন্নদা শঙ্কর রায়ের কবিতাংশ। আবার বইয়ের সৌন্দর্য বর্ধন করেছে উন্নত কাগজ এবং উন্নতমান মুদ্রণ। শিলালিপি প্রকাশিত এই গ্রন্থ বঙ্গবন্ধুর সমগ্র জীবনের সকল বড়ো ঘটনাকেই অন্তর্ভুক্ত করেছে। অন্যান্য গ্রন্থ থেকে অনেক কিছু খুঁজতে সময় ও শ্রম লাগে; এই গ্রন্থ সময় এবং শ্রম সাশ্রয় করবে। বঙ্গবন্ধুতে আগ্রহী পাঠকের এই গ্রন্থ প্রয়োজন মেটাবে।