কুরুক্ষেত্র জয় করে এলে, বলো এখন কী চাও?
এই নাও কাঠবাদাম ছানা, অন্ধকারে বসে খেও।
শব্দ হয় না এমন ভঙ্গিতে কিছু কিছু দৃশ্য এঁকে,
রেখে দাও পরবর্তী কোনো ইচ্ছা পূরণের জন্য—
যা তোমায় নিয়ে যায় অন্য কোনো স্বপ্নের প্রারম্ভে।
তোমাকে দেওয়া উচিত চাবুকের সাঁই সাঁই ধ্বনি,
প্রতারিত সিংহের আগুনরঙা ক্রুদ্ধ জোড়াচোখ।
সময়ের ক্ষুধায় তাড়িত হয় সব সত্য পঙিক্ত!
বিজ্ঞ ইঁদুরের মতো খুঁজে ফেরে শিকারির ফাঁদ।
কোনো গান কোনো হাহাকার, স্থায়ী নয় কোনোকিছু।
একটি চিল উড়ে উড়ে দেখে আমাকে গভীর দৃষ্টে,
যেন সমস্ত স্বাদ ঠেসানো আছে আমার ভিতর।
যতটুকু দিয়েছি বিজনে তা তো ঐ পুষ্পসমান!
আমি কি আর এতটা পারি ছড়াতে ভুবন রঙ?