সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে বৃষ্টি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালের চিকিত্সক-কর্মচারীসহ সাধারণ রোগীরা। হাসপাতাল চত্বরের একাংশ ও হাসপাতালের প্রবেশ পথটি নিচু হওয়ার কারণে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয় বলে জানায় ভুক্তভোগীরা।
স্ত্রী-সন্তানদের নিয়ে হাসপাতালে চিকিত্সা নিতে আসা মতিন মিয়া জানান, এই হাঁটুসমান ময়লা পানির ওপর দিয়ে হেঁটে হাসপাতালে ঢুকতে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, হাসপাতালের এ সমস্যাটি দীর্ঘ দিনের। সমস্যাটি সমাধানের জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় বেশ কয়েক বার বলেছি। প্রতিদিন সহস্রাধিক রোগী সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। বৃষ্টি হলে সাধারণ রোগীসহ আমাদের স্টাফদেরকেও হাসপাতালে প্রবেশ করতে অনেক কষ্ট হয়। আমি জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধানের দাবি জানাচ্ছি।
হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালসহ আশপাশের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। ড্রেন নির্মাণের জন্য টেন্ডার হয়ে গেছে। দ্রুতই কাজ শুরু করে এ সমস্যার সমাধান করা হবে।