লোহাগাড়ায় শিশুরা চালাচ্ছে অটোরিকশা

লোহাগাড়ায় তিন চাকার যান অটোরিকশা চালাচ্ছে শিশুরা। যে বয়সে স্কুলে পড়ার কথা ছিল, সে বয়সে অনেকেই সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা নিয়ে। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্কদের হাতে রিকশা উঠায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ উপজেলার বিভিন্ন উপসড়কে শত শত অটোরিকশা চলছে।  সড়কে চলাচলকারী একাধিক ব্যক্তি জানায়, অনভিজ্ঞ ও অপ্রাপ্ত বয়স্ক চালকেরা অটোরিকশার স্পিড নিয়ন্ত্রণ করতে না পারায় অনেক সময় সড়কেই গাড়ি উলটে যায়। সরেজমিনে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন সড়ক-উপসড়কে অপ্রাপ্ত বয়স্ক চালকদের অটোরিকশা চালাতে দেখা যায়। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চালানো বিধিনিষেধ রয়েছে। অন্যদিকে চালকের আসনে অপ্রাপ্ত বয়স্করা থাকার প্রশ্নই উঠে না। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।