সাঁথিয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সাঁথিয়ায় চালককে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়ার বহলবাড়িয়া নামক স্থানসংলগ্ন কালুকাটা চকে চালক সেলিমের লাশ দেখতে পায় স্থানীয়রা। সেলিম হোসেন সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত সেলিমের মামা বাঁকিবিল্লাহ জানান, তার ভাগনে বুধবার বিকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। রাতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। সকালে লাশ উদ্ধারের সংবাদে বহলবাড়িয়া এসে সেলিমের লাশ শনাক্ত করেন।

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছে।