করোনা ভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদানিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতিসহায়তার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমদানি নীতিসহায়তা দেওয়ার কথা ছিল। তবে চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়ার জন্য কতিপয় নীতিসহায়তার মেয়াদ ছয় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, জুন ৩০ পর্যন্ত বলবত্ করা আমদানি বাণিজ্যিক লেনদেনবিষয়ক নীতিসহায়তার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিসহায়তার অংশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধবিষয়ক জীবনরক্ষাকারী ওষুধ, চিকিত্সাসামগ্রী প্রভৃতি বিদেশি রিপেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানির মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মার্কিন ডলার পরিশোধ কর যাবে। শিল্পের কাঁচামালের আমদানিমূল্য ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন মেয়াদে পরিশোধের সুযোগ থাকছে। একই সুবিধায় কৃষি যন্ত্রপাতি ও সার আমদানির ক্ষেত্রেও বলবত্ থাকবে।
নীতি সহায়তা বর্ধিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। একইভাবে আমদানিকারদের জন্যও কতিপয় নীতিসহায়তার সময়সীমা বাড়ানো হয়েছে।
এদিকে নীতিসহায়তা বাড়ানোর বিষয়কে স্বাগত জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, সময় বাড়ানোর ফলে আমদানি বাণিজ্যে স্বস্তি আসবে ও মহামারির ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।