পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

এলাকাবাসী জানান, শনিবার ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের ডাঙ্গাটারি সীমান্ত দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু ব্যবসায়ীরা গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতের নিউ কুচলীবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক ঘটনাস্থলে মারা যান। পরে বিএসএফ লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

আরো পড়ুন : ডিএনসিসির মেয়র পদে পাঁচজনের মনোনয়ন বৈধ

বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক বিএসএফের গুলিতে মারা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।  লাশ ভারতে রয়েছে।

এ ব্যাপারে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতের কোনো খবর এখন পর্যন্ত (দুপুর ১টা) এলাকাবাসী আমাদের জানায়নি। বিষয়টি জানার চেষ্টা করছি।’

 

ইত্তেফাক/ইউবি