দরিদ্র দেশগুলোকে ফাইজারের ৫০ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দরিদ্র দেশগুলোকে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা দান করবে। এজন্য ফাইজার কোম্পানির কাছ থেকে ৩০৫ কোটি ডলার দিয়ে এই টিকা কিনছে যুক্তরাষ্ট্র। জি-৭ ভুক্ত অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির    

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে বাইডেন প্রশাসন আগামী দুই বছরের মধ্যে প্রায় ১০০টি দেশে ফাইজার কোভিড-১৯ টিকার ৫০ কোটি ডোজ সরবরাহ করার পরিকল্পনা করছে। জি-৭ এর সম্মেলন শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে। এই প্রথম কোনো একটি দেশ এতো পরিমাণ টিকা দান করার ঘোষণা দিল। বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের মানুষের মধ্যে     আশা জাগাতেই এতো পরিমাণ টিকা দান করা হচ্ছে। তিনি বলেন, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দান গ্রহণ করা দেশের কাছ থেকে কিছু চায় না। যুক্তরাষ্ট্র চায় জি-৭ ভুক্ত দেশগুলোও একই পথে যাক যাতে মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কমিয়ে আনা যায়। ইতোমধ্যে ৩৯ লাখ মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সম্প্রতি মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেক জানায়, তারা ২০২১ সালে ২০০ মিলিয়ন ডোজ এবং ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ৩০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।