তিন বার ফাইনাল খেলেও এশিয়া কাপের ট্রফি জিততে পারেনি বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। তিন বছর আগে (২০১৮ সাল, ১০ জুন) ভারতকে হারিয়ে উপমহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রায় দেড় বছর হলো নারী দলের বিদেশি হেড কোচ নেই। গত ২৯ মে নারী দলের হেড কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গতকাল ছিল আবেদনের শেষ দিন।
বাস্তবতা হলো—রুমানা-সালমাদের কোচ হতে আবেদন করেনি কেউ। এখন নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ বাড়ানোর চিন্তা করছে বিসিবি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেছেন, ‘এখনো আমরা ওভাবে কিছু পাইনি। মনে হচ্ছে বিজ্ঞপ্তির সময় বাড়িয়ে দিতে হবে। আসলে করোনা পরিস্থিতির কারণে অনেকেই আসতে চায় না। আবার কেউ চাইলেও তাদের পরিবার রাজি হয় না, ভয় পায়।’