চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে মৃত্যু হয় তার। সকাল ৬টার দিকে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অনেক দিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিস। কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন-শুভার্থীরা জানিয়েছেন, এই অসুস্থতার মধ্যেও তিনি কাজ করছিলেন। গত মার্চ মাসেও তিনি নতুন চিত্রনাট্য লিখেছিলেন। এক মহিলা গোয়েন্দার গল্পের সুতো বুনছিলেন বুদ্ধদেব।

পরিচালক তরুণ মজুমদার বলেছেন, ‘খুবই বড় ক্ষতি। আমি হতবাক।’ পরিচালক গৌতম ঘোষ বলেছেন, ‘এই ভয়ংকর সময় এই খবরটা আরো মর্মান্তিক। শরীর খারাপ ছিল। তবে কবিতা লিখছিলেন। ফোনে কথা বলছিলেন। একসঙ্গে স্বপ্ন দেখছিলাম। তার চলচ্চিত্র যাতে সংরক্ষিত হয়, সেই আর্জি জানাব।’

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘স্বপ্নের দিন’ ও ‘উত্তরা’ ছবির জন্য পরিচালক হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এ ছাড়া তার পাঁচটি ছবি সেরা ছবির শিরোপা পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়। বাংলা সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার আরো দুটি ছবি ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’। চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তার চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।