স্পিকারের সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত্

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের বিদায়ি রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে। সাক্ষাত্কালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর মধ্যেও সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার বিরূপ প্রতিক্রিয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রথম ধাপে সরকার সুশৃঙ্খলভাবে কোভিড ভ্যাক্সিন প্রদান কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে ভ্যাকসিনের আরো চাহিদা বিদ্যমান।

রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, কোভিড-১৯ মোকাবিলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহ সত্যিই প্রশংসনীয়।