বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় দিনভর বিক্ষোভ ও চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-গাজীপুরের ঐ অংশে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে ঐ সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।
বিকালে মালিকপক্ষ কারখানায় এলে প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা বিকাল সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়। কারখানার এক শ্রমিক জানান, মঙ্গলবার মালিক কারখানায় এলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাত্সরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষ বিকালে কারখানায় এসে হাজির হন। পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ১৪ ও ২২ জুন এবং ৭ ও ১৫ জুলাই চার দফায় শ্রমিকদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ করে দেওয়া হবে বলে মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছে।