‘বাজেট বরাদ্দের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিন’

পরিবেশ সুরক্ষা একটি বহুমাত্রিক বিষয়। মানুষের অসুস্থতার জন্য পরিবেশের বিষয়টি অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। রোগকে প্রতিরোধ করতে হলে পরিবেশকে ঠিক রাখার কোনো বিকল্প নেই। দেশের জিডিপি বাড়াতে হবে, তবে কোনোভাবেই তা পরিবেশ ধ্বংসের মতো প্রকল্প গ্রহণের মাধ্যমে নয়। ফলে বাজেট বরাদ্দের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। 

বৃহস্পতিবার সকালে ‘জাতীয় বাজেট ২০২১-২২ : স্বাস্থ্য ও পরিবেশগত দৃষ্টিকোণ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র পরিবেশ স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি কমিটির উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক আঞ্চলিক উপদেষ্টা ড. এ এম জাকির হোসেন, জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, শিক্ষাবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহম্মাদ প্রমুখ বক্তব্য রাখেন।