জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক এ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের সম্মান অর্জন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। গত বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তার যোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, স্বচ্ছতা, দৃঢ়তা এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন। এসময় জহিরুল আলম দোভাষ বলেন, এই পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন আমি সর্বোচ্চ আন্তরিকতা সহকারে তা পালন করার চেষ্টা করে যাচ্ছি। যে বৃহত্ প্রকল্পগুলো সিডিএ বাস্তবায়ন করছে তা সমাপ্ত হলে চট্টগ্রামের এক বিশাল পরিবর্তন সাধিত হবে।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।