অণুগল্প

পারফিউম

চন্দন চৌধুরী

 

দিনের পারফিউম রাতের পারফিউমকে বলল, ‘জানিস, আগে আমরা একই ছিলাম।’

রাতের পারফিউম বলল, ‘তাই নাকি! তুই জানলি কেমন করে?’

‘শোন, আগে একই পারফিউম পরিবারের সবাই ব্যবহার করত। একই শিশির তেল সবাই শরীরে মাখত, মাথায়ও দিত।’

‘তাহলে এত সব হলো কী করে?’

‘হলো কী করে! মানুষই মানুষকে একে অন্যকে দূরে সরিয়ে দিয়েছে। ধর, একই পারফিউম, ছেলেদের আর মেয়েদের আলাদা করে ফেলল। এরপর শুধু মেয়েদের ছেলেদের আলাদাই রাখল না, শিশুদের একেবারে একপাশে রেখে দিল; তারপর আলাদা করল দিন আর রাত্রির কসমেটিকস। তাহলে বোঝ, একে একে কীভাবে দূরে সরে গেল তারা!’

রাতের পারফিউম সামান্য ভেবে বলল, ‘তাই তো! এভাবে তো ভেবে দেখিনি।’

তখন দিনের পারফিউম হাসতে হাসতে বলল, ‘এখন মানুষ দুই টাকার শ্যাম্পুর মতো একা একা, আলাদা আলাদা। অন্যের সঙ্গে নিজেকে শেয়ারই করতে পারে না।’