হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে সৈয়দ আলী নামের এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্টে নিহত হয়েছেন। তবে নিহতের স্ত্রী হালিমা বেগমের অভিযোগ তার স্বামীকে হত্যা করা হয়েছে। নিহত সৈয়দ আলী উপজেলার কৃপারামপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে। বৃহস্পতিবার উপজেলার চণ্ডিপুর গ্রামে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে তিনি নিহত হন। নিহতের স্ত্রী জানান, সকালে চণ্ডিপুর গ্রামের ভাষানিয়া ইউনিয়নের জসিম মিয়ার বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে যান তার স্বামী। পরে কয়েক ঘণ্টা পর তিনি শুনতে পান ঐ গ্রামে তার স্বামীর লাশ পড়ে আছে। তিনি জানান, তার স্বামীর শরীরে আঘাতের ক্ষত রয়েছে। গাছের মালিক জসিম মিয়া জানান, সৈয়দ আলী আগেও আমার নারিকেল গাছ পরিষ্কার করেছে। বৃহস্পতিবার এসে প্রতিগাছ ১০০ টাকা করে পরিষ্কার করার চুক্তিতে গাছ পরিষ্কার করার কাজ শুরু করে। গাছের ডালার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে সৈয়দ আলী স্পৃৃষ্ট হয়ে মারা যায়। হোমনা থানার ইন্সপেক্টর তদন্ত মো. আজিজুল বারী জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুত্স্পৃষ্টে সৈয়দ আলীর মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।