ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আলী চাটমোহর উপজেলার বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া হাটে সরিষা কেনাবেচা করে ইঞ্জিনচালিত ভ্যানে সুমন আলী বাড়ি ফিরছিলেন। ড্রামভর্তি ট্রাক ঐ ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গাংনীতে দুই মোটরসাইকেলের

সংঘর্ষে এক আরোহীর মৃত্যু

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, গাংনীতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরো তিন মোটরসাইকেল আরোহী। গাংনী হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১০টার দিকে সাকিল মারা যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।