g বিনোদন প্রতিবেদক
‘বর্তমান সময়ে তো সবাই নাটক নিয়ে মাতামাতি করছে। এই সময়ে আসলে ভালো গানের ভিউও খুব কম হয়। তারপরও আমার এই নতুন গানটির প্রতিদিন প্রায় ২ লাখ ভিউ হচ্ছে। এটা সত্যি খুব আনন্দের খবর যে গান এখনো মানুষ শোনে।— নিজের নতুন গানের সাড়া পাওয়া প্রসঙ্গে কথাগুলো বললেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ‘পাখি’ শিরোনামের এই গানটিতে বেলাল খানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লিজা। গানটি লিখেছেন মুসা কে মাহমুদ, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। গানটি এরইমধ্যে ৫ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। এছাড়া নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বর্তমানে দিন দ্য ডে, রিভেঞ্জসহ বেশকিছু চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে কাজ করছি। এছাড়া আসছে ঈদে লিজা, লুইপা, কর্ণিয়ার সঙ্গে গান প্রকাশ পাবে। পাশাপাশি নিজের নতুন একক গানের কাজও চলছে।’
বর্তমান সময়ে সংগীতশিল্পীরা কোনো লেভেল কোম্পানির মাধ্যমে গান রিলিজ না দিয়ে নিজেরাই এককভাবে নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। এর কারণ হিসেবে অনেকেই কোম্পানিগুলোর গানের প্রতি আগ্রহ কমে যাওয়া এবং তাদের নাটক প্রযোজনাকে দায়ী করছেন। গানের প্রতি তাদের এমন অনিহা নতুন গান ও শিল্পী তৈরিতে প্রভাব ফেলছে কি-না এমন প্রশ্নে বেলাল খান বলেন, ‘অবশ্যই প্রভাব পড়ছে। এখন একজন শিল্পীকেই গান থেকে শুরু করে মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করতে হচ্ছে। এর কারণে অনেকে হতাশ হয়ে গান ছেড়ে দিচ্ছে। আবার অনেকেই জোয়ারে গা ভাসাচ্ছে।’ অন্যদিকে এ সময়ের গানগুলো আগের মতো মানুষের হূদয় স্পর্শ করতে পারছে না। কিছু গান জনপ্রিয়তা পেলেও ক’দিন পরই সেটা হারিয়ে যাচ্ছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রচার মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে এমনটা হচ্ছে। আগে লেভেল কোম্পানি ভালো গানগুলোকে সামনে রাখতো, দোকানে বাজাতো। মানুষ সেটা শুনে বা দেখে গ্রহণ করতো। এখনো কিন্তু অনেক ভালো ভালো গান হচ্ছে। তবে ইউটিউবে একই সময়ে অনেক কন্টেন্ট আপলোড হওয়ায় ভালো কাজগুলো আড়ালে পড়ে যাচ্ছে।’
অন্যদিকে প্রতিনিয়ত মানহীন অনেক কাজ ভাইরাল বনে যাচ্ছে। এ ধরনের গান অবক্ষয়ের কারণ হচ্ছে কি-না, এ নিয়ে বেলাল খান আরো বলেন, ‘এ ধরনের কাজ যারা করছেন তাদের আমি দোষ দেবো না। আমাদের এ ধরনের কাজকে প্রমোট করার আগে একটু ভাবা উচিত। তবে দিনেশেষ কিন্তু ভালো কাজ দিয়েই টিকে থাকতে হয়। এ ধরনের কাজ দিয়ে সাময়িক ভাইরাল হওয়া গেলেও এক সময় ঠিক এরা ঝরে যায়।’