কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলার মেসার্স তুরাগ সিঅ্যান্ডজি ফুয়েলিং স্টেশনের মালিক, সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি বজলুর রহমানের বিরুদ্ধে চোরাই পথে গ্যাস বিক্রির অভিযোগে প্রায় সাড়ে ৯ কোটি টাকার মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কোম্পানি লি.।
মামলা সূত্রে জানা যায়, বজলুর রহমান উপজেলার খাড়াজোড়াস্থ তার মালিকানাধীন মেসার্স তুরাগ সিঅ্যান্ডজি ফুয়েলিং স্টেশনে তিতাসের দুইটি পরিত্যক্ত গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন যাবত্ চোরাই পথে গ্যাস বিক্রি করে আসছিলেন। গোপনে এ সংবাদ পেয়ে তিতাস গ্যাস কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ব্যবস্থাপক মুশফিকুর রহমান খানের সমন্বয়ে একটি টিম ঘটনা তদন্ত করলে গ্যাস চুরির বিষয়টি ধরা পড়ে। তাত্ক্ষণিক ঐ গ্যাস স্টেশনের অবৈধ বাইপাস সংযোগ অপসারণসহ বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঐ স্টেশনে চোরাই পথে গ্যাস বিক্রির কারণে সরকারের ৯ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ক্ষতি হয়েছে বলে তিতাস সূত্রে জানা যায়। এ ঘটনায় ব্যবস্থাপক মুশফিকুর রহমান খান বাদী হয়ে বজলুর রহমানের নামে বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।