বিএনপির সরকার হটানোর মনোভাব কঠোরভাবে দমন করা হবে :কাদের

সরকার হটানোর নামে যে যুদ্ধংদেহি মনোভাব বিএনপি দেখাচ্ছে সেক্ষেত্রে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন মনোভাব নিয়েই জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের মুক্তি আন্দোলনে শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল-জুলুম ও অত্যাচার নির্যাতন। তিনি অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন,কিন্তু জনগণের অকৃত্রিম ভালোবাসায় সব রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবচ্ছিন্নভাবে পথ চলেছেন ।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা গণতান্ত্রিক হোন এবং রাজনীতিতে ও দলের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন। গণতন্ত্র শুধু            চাওয়ার বিষয় নয়, এটি চর্চারও বিষয়। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। ওবায়দুল কাদের বিএনপিকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। তিনি বলেন, ক্ষমতায় যেতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দলের কর্মীদের ‘যুদ্ধের’ জন্য ডাক দিয়েছেন, তাদের এমন বক্তব্য একদিকে অগণতান্ত্রিক অন্যদিকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। যদি তাই হয় তাহলে এই আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে। মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতাদের মুখে সদাসর্বদা মিথ্যাচার আর নেতিবাচকতা মানায় না, তাদের বক্তব্যে গভীর হতাশা ও দলীয় ব্যর্থতাই স্পষ্ট হয়ে উঠছে।