গিয়েছিলেন মদবোঝাই মাইক্রো আটকাতে

সেই মাইক্রোতেই পিষে মারল পাচারকারীরা

চট্টগ্রামে মদ পাচারের মাইক্রোবাসের ধাক্কায় কাজী মো. সালাহউদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজখান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা চান্দগাঁও থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর হাজিপাড়ার নাদেরুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. মাসুম আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধাওয়া করে ৭৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, সালাহউদ্দীনের নেতৃত্বে চান্দগাঁও থানাপুলিশের একটি টিম শুক্রবার ভোরে মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে দায়িত্ব পালন করছিলেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন     একটি কালো রঙের মাইক্রোবাস পার্বত্য চট্টগ্রাম থেকে চোলাই মদ নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। গাড়িটি কাছাকাছি আসার পর সালাহউদ্দিন সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক গতি কমিয়ে দিলে সালাহউদ্দিন ও মাসুম মাইক্রোবাসটির সামনের দিকে যান। এ সময় চালক পুনরায় গাড়ির গতি বাড়িয়ে দিলে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যান সালাহউদ্দিন। এতে তার মাথা, কোমর ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তার সঙ্গী মাসুমও গুরুতর আহত হন। এ সময় চালক মাইক্রোবাসটির চালিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যান। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে। সেটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে। তবে গাড়িচালককে পাওয়া যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক কাজী মো. সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন। মো. মাসুমকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।