খালেদা জিয়ার কিডনি হার্টের চিকিত্সা দেশে সম্ভব নয় :ফখরুল

পোস্ট কোভিড থেকে মুক্ত হলেও পুরোনো কিছু রোগের জটিলতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, তার কিছু মৌলিক সমস্যা রয়েছে, যেগুলো উদ্বেগজনক। একটা হচ্ছে তার হার্টের সমস্যা। অন্যটি কিডনির জটিলতা। এই দুটি নিয়ে মেডিক্যাল বোর্ড উদ্বিগ্ন। বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, অ্যাডভান্স সেন্টারগুলো আছে সেখানে তার হার্ট ও কিডনির যে সমস্যা তার উন্নত চিকিত্সা কোনোক্রমে সম্ভব নয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালকুদার, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

খালেদা জিয়ার সমস্যাগুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন          কি না, প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আগেও বলেছি, একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে। কোনো আইনেই তার সাজা হতে পারে না। ঐ জায়গায় আমরা ধীরেসুস্থে চিন্তাভাবনা করে আদালতে যাব।

‘হেফাজত নয়, তাণ্ডব করেছে সরকার’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত করেছিল। তার আগমনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা বেশির ভাগই যেটা বলেছেন হেফাজতের তাণ্ডব। তাণ্ডব তো করেছে সরকার। বিএনপির মহাসচিব দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং রিমান্ডে হয়রানির অভিযোগ করে বলেন, তার ব্যাপারে হঠাত্ করে একটা অডিও ক্লিপ ছাড়ল। আজকাল টেকনোলজি এমন একটা জায়গায় গেছে, যে কোনো জিনিস তৈরি করা খুব কঠিন কাজ নয়।