রামপালে করোনা সংক্রমণের হার ৭২.৭২ শতাংশ

মোংলাসহ বাগেরহাট জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার করোনা হটস্পট মোংলায় সংক্রমণের হার ৬১ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৫০ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে, একই দিন মোংলার পার্শ্ববর্তী উপজেলা রামপালে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭২ শতাংশ। জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৫ জন। এরমধ্যে মোংলা উপজেলায় ২৬ জন, রামপাল উপজেলায় ১৬ জন,  সদর উপজেলায় ৯, মোড়েলগঞ্জে দুই জন ও শরণখোলা উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বাগেরহাট জেলায় গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ৯৭ শতাংশ।

আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা হাসপাতালে নেই কোনো আইসিইউ বেড, হাইফো ন্যাজেল ক্যানেলা ও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা। ইতিমধ্যেই করোনা চিকিত্সায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এই অবস্থায় করোনা আক্রান্তদের চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। যেসব করোনা রোগীদের অক্সিজেনের প্রয়োজন দেখা দিচ্ছে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি থাকায় ভয়ে সাধারণ রোগীরা হাসপাতাল ছেড়ে গেছে। ওয়ার্ডগুলো ফাঁকা পড়ে রয়েছে। মোংলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন করে মোংলা নদীর খেয়া পারাপার বন্ধসহ সব ধরনের যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোংলা পোর্ট পৌর এলাকায় বৃহস্পতিবার থেকে তৃতীয় দফা আবারও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা করোনা ভাইরাস প্রতিরোধসংক্রান্ত মনিটরিং কমিটি। আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পৌরসভায় অধিক কঠোরতর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৬ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখন সরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ১৩ জন, বাকিরা হোম আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন।