গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ২৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শেবাচিম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় নতুন পাঁচ জনসহ মোট আক্রান্ত ৭ হাজার ১৬৮ জন। পটুয়াখালী জেলায় নতুন তিন জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন ব্যক্তি। ভোলা জেলায় নতুন আক্রান্ত দুই জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৬৬ জন, পিরোজপুর জেলায় নতুন ছয় জন নিয়ে ১ হাজার ৭৩৩ জন, বরগুনা জেলায় নতুন তিন জন নিয়ে ১ হাজার ৩০৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন করে আট জন আক্রান্ত হয়েছেন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ জনে। ফলে বরিশাল বিভাগে করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯২ জন।
গতকাল দুপুরে বিভাগে করোনায় মোট মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৩১ জন।
শেবাচিম হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক সূত্র জানায়, গতকাল দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের পরীক্ষা করা হয়েছে। একই সময়ে শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বর্তমানে করোনা ওয়ার্ডে ৭১ জন চিকিত্সাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ এবং ৫৭ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন।
করোনা মোকাবিলায় বরিশালের সব মসজিদে পুলিশের বিশেষ নির্দেশনা
করোনার দ্বিতীয় ঢেউ অতিক্রমের পর এবার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুমার নামাজের খুতবার আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনা পাঠ করে শোনানো হয়েছে মুসল্লিদের। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গতকাল শুক্রবার নগরীর রূপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদে খুতবার আগে সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান। এছাড়া নগরীর সব মসজিদে পুলিশ কমিশনারের এ সংক্রান্ত নির্দেশনাপত্র পাঠ করে মুসল্লিদের শোনান স্ব-স্ব মসজিদের ইমাম ও খতিবরা।