করোনা ভাইরাসের কারণে বড় কোনো কর্মসূচি না নিলেও দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মধ্যদিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। এছাড়াও মসজিদে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনাসভা, দোয়া মাহফিল ও করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। সভাশেষে প্রধানমন্ত্রী এবং সমগ্র দেশ ও বিশ্বের মানুষের জন্য প্রার্থনা করা হয়। পরে সেখানে তথ্যমন্ত্রী একটি করোনা প্রতিরোধসামগ্রী সরবরাহ বুথ উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের আয়োজনে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হকের নেতৃত্বে মিরপুর এলাকায় প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় করোনা থেকে মুক্তি পেতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক মঙ্গল কামনা করা হয়। পরে ঢাকা-১৪ আসনের প্রতিটি মসজিদ ও মন্দির-গির্জায় মিষ্টি বিতরণ করা হয়।